প্লাস্টিক সার্জারির ছবি ফাঁসের হুমকি

২৬ ডিসেম্বর, ২০২০ ১৩:৩৮  
যুক্তরাজ্যের কসমেটিক সার্জারি চেইনের ডেটা চুরি করে রোগীর সার্জারির আগে ও পরের ছবিসহ অন্যান্য তথ্য ফাঁস করার হুমকি দিয়েছে হ্যকাররা। হ্যাকিংয়ের শিকার হসপিটাল গ্রুপের রোগীর তালিকায় বেশ কিছু তারকাও রয়েছেন। হামলার বিষয়ে তথ্য কমিশনারকে জানানো হয়েছে বলেও জানিয়েছে আক্রান্ত প্রতিষ্ঠান ‘হসপিটাল গ্রুপ’। প্রতিষ্ঠানটি র‍্যানসমওয়্যার হামলার কথা নিশ্চিত করেছে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। তবে সাইবার হামলার এই ঘটনায় প্রতিষ্ঠানের কাছ থেকে হ্যাকাররা মুক্তিপণ দাবি করেছে কি না তা জানানো হয়নি খবরে। রোগীর নয়শ’ গিগাবাইটের বেশি ছবি হাতিয়ে নেওয়ার দাবি করে ডার্কনেট ওয়েব পেজে রেভিল নামের হ্যাকার গ্রুপটি বলেছে, “গ্রাহকের অন্তরঙ্গ ছবি পুরোপুরি মনোরম কোনো দৃশ্য ছিলো না।” এদিকে ইমেইলে সব গ্রাহককে সাইবার হামলার বিষয়টি জানিয়েছে ভুক্তভোগী প্রতিষ্ঠানটি। কোনো গ্রাহকের বেশি তথ্য বেহাত হলে তার সঙ্গে যোগাযোগ করা হবে বলেও জানিয়েছে তারা।